জোট ছাড়ার হুমকি এনডিপির

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৪:০০

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে 'গণতান্ত্রিক চর্চা'সহ পাঁচ দফা দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। অন্যথায় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
শনিবার দুপুরে রাজধানীর কারাইলের ঈশা খাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার এ সময় বেঁধে দেন।
সংবাদ সম্মেলনে এনডিপির মহাসচিব বলেন, বিএনপিতে গণতন্ত্র নেই। দলীয় নানা সিদ্ধান্ত জোটের ওপর এককভাবে চাপিয়ে দেয়া হয়। সম্প্রতি ইসলামী দলগুলো নিয়ে বিএনপি বিরুপ মন্তব্য করেছে।
এসময় তিনি পাঁচটি দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে বলেন, এগুলো পূরণ না করা হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জোট ছাড়বে এনডিপি।
দাবিগুলো হলো- জোটকে জনসর্ম্পৃক্ত কর্মসূচি দিতে হবে, ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিস্কার করতে হবে, ভারতের সঙ্গে পানি সমস্যাসহ অভিন্ন চুক্তির ব্যাপারে অবস্থান পরিস্কার করতে হবে, ২০ দলীয় জোটে গণতন্ত্র চর্চা করতে হবে, ইসলামী রাজনীতি নিয়ে বিএনপির অবস্থান পরিস্কার করতে হবে।