প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বিশ্বমানের প্রতিযোগী বেরিয়ে আসবে। যারা দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান নিয়ে আসবে।
শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বেড়ে উঠুক। বিভিন্ন ধরনের খেলাধুলা ও এ ধরনের প্রতিযোগিতা তাদের শারীরিক ও মানসিক গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
এসময় শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা নিয়ে বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ছেলে-মেয়েরা অসুস্থ হবে এটা আমরা চাই না। তাই অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ হলে ডিসপ্লেসহ সবই করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ‘বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি’ গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আজ এটি দেশের ঐতিহ্যবাহী একটি ক্রীড়া প্রতিযোগিতা।
গত মঙ্গলবার ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৪’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর।
