যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উপকূলে ছয় রুশ জঙ্গি বিমানকে বাধা দিয়েছে মার্কিন ও কানাডীয় বিমান। বুধবার বিমানগুলোকে বাধা দেয়া হয় বলে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ জঙ্গিবিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরা সনাক্তকরণ এলাকায় (এডিআইজেড) প্রবেশ করলেও দেশটির আকাশসীমায় প্রবেশ করেনি। বাধা পাওয়ায় কোনো ধরণের ঘটনা ছাড়াই বিমানগুলো ঐ এলাকা ছেড়ে যায়। এই বিমানগুলোর মধ্যে দুটি মিগ ৩১ জঙ্গি বিমান ছিল।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এক বছরে এ ধরণের ঘটনা গড়ে ১০টি হয়ে থাকে।
বুধবার সন্ধ্যায় আলাস্কার বিমান ঘাঁটি থেকে দুটি এফ-২২ জঙ্গি বিমান উড়ে গিয়ে রুশ বিমানগুলোকে বাধা দেয়। এর পরদিন বৃহস্পতিবার সকালে আর্কটিক এলাকায় কানাডীয় দুটি সিএফ-১৮ জঙ্গি বিমান ফের রুশ জঙ্গি বিমানকে বাধা দেয়।
এডিআইজেড প্রধানত আন্তর্জাতিক আকাশসীমার একটি এলাকা যা উপকূল থেকে প্রায় ২০০ মাইল পর্যন্ত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সার্বভৌম আকাশসীমার বিস্তৃতি ভূখ- থেকে উপকূলের ১২ নটিক্যাল মাইল পর্যন্ত।
