সোফিয়া লরেনের ৮০ বছর উদযাপন করছে ইতালি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০৫

কিংবদন্তীতূল্য অভিনেত্রী সোফিয়া লরেন ৮০ বছরে পদার্পণ করলেন শনিবার। এ উপলক্ষে ইতালি তার জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত লরেনের জন্মদিন জাঁকজমকভাবে পালন করছে।
তবে লরেন ব্যক্তিগতভাবে এ দিন পালন করছেন মেক্সিকো সিটিতে। তার সম্মানে বিশ্বের অন্যতম সেরা ধনী কার্লোস স্লিম বিশাল নৈশভোজের আয়োজন করেছেন। এছাড়া কার্লোস তার ব্যক্তিগত জাদুঘরে লরেনকে নিয়ে ‘গতকাল, আজ ও আগামী’ শিরোনামে একটি প্রদর্শনীও করছেন।
মেধা ও সৌন্দর্যের প্রতীক সোফিয়া লরেন ইতালির সিসিওলনে জন্ম নেন। কৈশোরকালে খুবই হালকাপাতলা থাকায় তাকে ‘টুথপিক’ ডাকা হতো। কিশোরকালে স্থানীয়ভাবে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে লরেন নিজের ও তার দরিদ্র পরিবারের জন্য উপার্জনে সক্ষম হন। লরেনের ১৫ বছর বয়সে চলচ্চিত্র ব্যক্তিত্ব কার্লো পন্টির সঙ্গে তার সাক্ষাত ঘটে। তার চেয়ে দুই দশকেরও বড়ো পন্টিকে তিনি শেষ পর্যন্ত বিয়ে করেন। কার্লো পন্টি আমৃত্যু সোফিয়ার লরেনের কেবল অভিভাবকই ছিলেন না ছিলেন ভালো বন্ধু ও সঙ্গী। ২০০৭ সালে পন্টি মারা যান। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।
‘টু উইমেন’ চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য সোফিয়া লরেন অস্কার পুরস্কার লাভ করেন।
এদিকে, ৮০তম জন্মদিন উপলক্ষে মিলানে লরেনের ফটোগ্রাফ নিয়ে ‘সোফিয়া লরেন-স্টাইল আইকন’ শিরোনামে একটি প্রদর্শনীর আয়াজন করা হয়েছে।
প্রদর্শনী দেখতে আসা আন্না তরেন্তো বলেন, সোফিয়া লরেন কিংবদন্তী। তিনি খুবই ভাগ্যবতী। কিন্তু তিনি তার নিজস্ব পথ নির্মাণ করেছেন।