বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার জন্যই সরকার একের পর এক সংবিধান সংশোধন করছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ কুক্ষিগত করে ক্ষমতাকে পাকাপোক্ত করতেই অভিসংশন আইন করেছে। এটি ন্যায় বিচারের জন্য বাধা। জনগণের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না। আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধংস করছে।”
ফখরুল বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্দোলনের মাধ্যমেই এই জনবিচ্ছিন্ন সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
'বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন' গোল টেবিল বৈঠকের আয়োজন করে। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি শওকত মাহমুদ। 'সম্প্রচার নীতিমালা একনায়কতন্ত্র’ শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী।
