ছাত্রলীগ নামধারী বহিরাগত চাকরি প্রত্যাশীদের হুমকিতে গাড়ি না আসায় অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সূত্রানুযায়ী চাকরি প্রত্যাশীরা নিজেদের পরিচয় গোপন করে শুক্রবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ গাড়ি মালিকদের ফোন করে হুমকি দেয়, বিশ্ববিদ্যালয়কে যদি শনিবার গাড়ি দেওয়া হয় তাহলে গাড়ি ভাঙচুর করা হবে। এতে গাড়ি মালিক সমিতি বিশ্ববিদ্যালয়কে শনিবার গাড়ি না দেয়ার সিদ্ধান্ত নেয়।ফলে অচল হয়ে পড়ে ক্যাম্পাস। দু’একটি বিভাগে পরীক্ষা হলেও কোন বিভাগে ক্লাস হয়নি।
চাকরি প্রত্যাশীরা বার বার ভাংচুর ও অবরোধের মতো ঘটনা ঘটালেও প্রশাসন সর্বদা তাদের ব্যাপারে নমনিয়তা দেখিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জর গিফারী গাফ্ফার বলেন, ‘আমরা চাই ক্যাম্পাস স্বাভাবিকভাবে চলুক। আমরা খোঁজ নিয়ে দেখব কারা এ ঘটনা ঘটিয়েছে। ছাত্রলীগের কেউ যদি এসব করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ‘হুমকি দিয়ে গাড়ি বন্ধ করার দায় কেউ স্বীকার করেনি এখনো (নিউজ লেখা পর্যন্ত)। তবে বিভিন্ন দাবিতে বিগত কয়দিনে যারাই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে তারাই মূলত এর জন্য দায়ি বলে আমরা মনে করি। তাদের সাথে কথা বলে দ্রুত এর সমাধানের চেষ্টা করছি আমরা’।
