বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার শহীদ জোব্বার ক্লাবের পিছনে নির্মাণাধীন একটি ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল, ২টি রামদা, ১টি তরবারি ও ১টি সামুরাই উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টায় উল্লেখিত এলাকার হক’স গোল্ডেন ভবনের নিচতলা থেকে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) মনজুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনের নিচতলায় পরিত্যাক্ত নির্মাণ সামগ্রীর মাঝ থেকে ৮টি তাজা ককটেল, ২টি রামদা, ১টি তরবারি, ১টি সামুরাই উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শহরের জলেশ্বরীতলা ও রহমান নগর এলাকায় স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের মধ্যে বেশ ক’দিন ধরে বিরোধ চলে আসছে। ক’দিন আগে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও দুই গ্রুপের মধ্যে বিরোধ চলা অবস্থায় পুলিশ গুলি ও পিস্তলসহ স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা রেক্কাত হত্যার প্রতিশোধ নিতে ওই এলাকায় দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।
