সংবিধানের ষোড়শ সংশোধনী ( বিচারপতিদের অপসারণ, অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ) বিল পাসের প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন,গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের অবৈধ ও অনৈতিক ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যে জনগণের ম্যান্ডেটবিহীন সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করেছে। একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা এবং ৫% ভোটে অবশিষ্ট আসনে শুধুমাত্র ক্ষমতাসীন মহাজোটের সদস্যদের নির্বাচিত ঘোষণা করার মাধ্যমে গঠিত, এই অনৈতিক ও অবৈধ পার্লামেন্টের কোনও এখতিয়ার নেই সংবিধান সংশোধন করার। এটা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার পরিপন্থী। এই সংশোধনীর মাধ্যমে বিচার ব্যবস্থা একটি দলের, আওয়ামী লীগের অধীনে চলে গেলো এবং মাননীয় বিচারপতিদের অভিশংসন ক্ষমতা এখন থেকে আওয়ামী লীগের।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই সংশোধনী মেনে নিতে পারে না। ২০ দলের পক্ষ হতে বেগম খালেদা জিয়ার পক্ষ হতে আমরা এই সংশোধানীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই সংশোধনী বাতিলের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
হরতালের আওতামুক্ত
মির্জা ফখরুল বলেন, হজ্বযাত্রীদের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে এবং খাওয়ার হোটেল, ঔষধের দোকান, ফায়ার ব্রিগেট, এ্যাম্বুলেন্স এবং সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের ব্যবহারিত যানবাহন ও লাশ বহনকারী গাড়িসমূহ হরতালের আওতামুক্ত থাকবে। আমরা আবার উল্লেখ করতে চাই এই হরতাল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালনের জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
