প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পুনরায় সমাজে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে ব্যাহত করার অশুভ প্রচেষ্টা চালাচ্ছে। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর যৌথ বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপি এবং তার দোসরেরা সারা দেশে নিরাপরাধ মানুষকে হত্যা করে সারা দেশে নৈরাজ্য সৃস্টি করছে। তারা দেশে দেশে বিভিন্ন অপকর্ম করছে যা ভাষায় প্রকাশ করা যায় না। বিএনপি জামাতের পাঁচ বছরের দু:শাসনে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। এখন তারা আবার জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠায় অশুভ তৎপড়তা চালাচ্ছে এবং গণতন্ত্রকে ব্যাহত করতে চাইছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরো সামনে এগিয়ে যাবে। অতীতে আমাদের অনেক ষড়যন্ত্র এবং ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে এবং সকল বাধা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে আমি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর। খবর বাসস
