অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে গ্রেফতার ২

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৮
 
রাজধানীর যাত্রাবাড়ীতে বেসরকারি একটি হাসপাতালে চিকিত্সক ও কর্তৃপক্ষের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে দয়াগঞ্জের আল-মদিনা হাসপাতালে সিজারের পর রাতেই তাহমিনা আক্তার (২০) নামে ঐ প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায়  শনিবার নিহতের স্বামী ইসমাইল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় পুলিশ হাসপাতালের মালিক পক্ষের  লিমন ও রিপন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর জানান, তাহমিনা প্রসব ব্যথা নিয়ে বৃহস্পতিবার রাতে আল-মদিনা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে হাসপাতালে তার সিজার করা হয়। তিনি একটি মেয়ে সন্তানের জন্ম দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাহমিনা মারা যান। তাহমিনার বাসা পুরান ঢাকার করাতিটোলায়। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য তাহমিনার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।