রবিবার জামায়াত ও সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিতে শুরু করেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৮টা থেকে তারা কাজ শুরু করে দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদাণ্ডাদেশের প্রতিবাদে রবিবার হরতাল ডেকেছে জামায়াত।
অন্যদিকে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
