বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাওয়া মানবাধিকার সংগঠনগুলোকে দেশের আইনকানুন নিয়ে ‘পড়াশুনা করার’ পরামর্শ দিয়েছেন জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, আইনকানুন না জেনে যারা ভুল প্রতিবেদন দিচ্ছে, তারা দেশের ক্ষতি করছে। র্যাব-পুলিশের মনোবল ভাঙার কাজ করছে। এ কারণে তাদের আইনকানুন সম্পর্কে পড়াশুনা করা উচিত।
আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এসব সংগঠনকে ‘ভুল প্রতিবেদন’ বাইরে না দেওয়ার জন্য আহ্বান জানান।
ইউরোপীয় পার্লামেন্টের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘র্যাব-পুলিশ কীভাবে চলবে সেটা বাংলাদেশ সরকার ঠিক করবে। এ ব্যাপারে কেউ নাক গলাবেন না। এটা উচিত নয়।’ তিনি বলেন, ‘তাঁরা (ইউরোপীয় পার্লামেন্ট) যদি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসী, জঙ্গিবাদি ও যুদ্ধাপরাধী বর্জনের পরামর্শ দেন। এটা না দিয়ে আমাদের র্যাব-পুলিশ কীভাবে চলবে, সেই পরামর্শ দিতে আসবেন না।’
তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তার একটা যোগাযোগ আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে রয়েছে। এই জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর জন্যও বিপজ্জনক। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
