সিলেটে হরতালে ঝটিকা মিছিল-বোমাবাজি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৫৯

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে সিলেটে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় মিছিল থেকে বোমা বিস্ফোরণ ঘটায় জামায়াতে ইসলামীর কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটে মহানগর ছাত্রশিবিরের কিছু কর্মী নগরীর দরগাগেইট এলাকায় ঝটিকা মিছিল বের করে।
তারা মিছিল নিয়ে বিমানবন্দর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। ওই সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এছাড়া নগরীতে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান।
তিনি বলেন, বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।