ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে রবিবার সকাল থেকে যানজট লেগে আছে। শনিবার দিন ও রাতভর বৃষ্টিতে চার লেনে সম্প্রাসারণের কাজ চলায় ওই মহাসড়ক কর্দমাক্ত ও খানাখন্দ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও চালক সূত্রে জানা গেছে, ওই মহাসড়কের সালনা, পোড়াবাড়ি, ন্যাশনাল পার্কের সামনে, হংকং পাম্পের সামনে, মাস্টারবাড়িসহ বেশ কয়েকটি স্থানে খানা খান্দের সৃষ্টি হয়েছে। সালনা এলাকার বানিন্দা মো. মুজিবুর রহমান জানান, রাত থেকেই যানজট চলছে। মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা কম। তবে ট্রাক ও হালকা যানবাহনের সংখ্যা বেশি। গাজীপুরের মনিপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা আসা লেগুনা চালক হাফিজ উদ্দিন জানান, তিনি ভোর ৫টার দিকে গাড়ি ছেড়েছেন। ওই মহাসড়কে যানজটের কারণে ১ ঘণ্টার পথ প্রায় ৪ ঘণ্টায় পার হয়ে এসেছেন। শ্রীপুরের মাওনা থেকে গাজীপুরের জয়দেবপুরগামী বাসের চালক সোহরাবাব হোসেনও একই রকম কথা জানান। তিনি জানান, ওই ১৮ কিলোমিটার পথ আসতে তার প্রায় ৫ ঘণ্টা সময় লেগেছে।
নওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জএসআই কামাল পাশা জানান, বৃষ্টিতে মহাসড়ক কর্দমাক্ত পাশাপাশি অনেক স্থানে পানি জমে গেছে। যার কারণে ধীর গতিতে গাড়ি চলছে। এ ছাড়া মহাসড়কে সৃষ্ট খানাখন্দে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তখন ওই গাড়ি সরিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে। তিনি আরো জানান, সকাল থেকে যানবাহনের চাপ বেশি।
