পাবনায় এডওয়ার্ড কলেজে ছাত্রাবাসে সংঘর্ষে আহত ৭

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের এসএম ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে সাত ছাত্র আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে এ ঘটনায় ছাত্রাবাসের পাঁচটি কক্ষ ভাংচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ছাত্রাবাসের নিচতলা ও দ্বিতীয় তলার ছাত্রদের মধ্যে গত দুইদিন ধরে উত্তেজনা চলছিল। বিরোধ মীমাংসার জন্য ছাত্রাবাসের সুপার আব্দুল আউয়াল ও সহকারী সুপার রফিকুল ইসলাম রাতে ছাত্রদের নিয়ে বৈঠকে বসেন।
ওই সময় ডাইনিং রুমে একা পেয়ে নিচতলার ছাত্র রেজাউলকে মারধর করে প্রতিপক্ষের দুইজন। রেজাউলের সহপাঠীরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে ছাত্রাবাসের ১০১, ১০২, ১০৩, ১০৫ ও ১০৭ নম্বর কক্ষের দরজা ভেঙে তছনছ করা হয়। খবর পেয়ে পুলিশ ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।