হরতাল চলছে, মাঠে নেই জামায়াত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৬
 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। তবে হরতাল ডেকে মাঠে নেই তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজধানীতে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলছে। তবে এর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। 
একই দাবিতে গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করে দলটি।
এদিকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর ফলে টানা ৩৬ ঘণ্টার হরতালের কবলে পড়ল দেশবাসী।