আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামীকাল বিএনপির হরতালে সহিংসতা হলে খালেদা জিয়াকে এর দায় বহন করতে হবে। এরকম ঘটনা ঘটলে বরদাশত করা হবে না। দাঁতভাঙা জবাব দেয়া হবে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, তারা (বিএনপি) আইনের শাসনের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। সংবিধানের কথা বলেন। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ৫ জানুয়ারি নির্বাচন হবে। এর আগে নির্বাচন নিয়ে কোনো কথা নয়।
তিনি বলেন, আগামীকালের হরতালে ঢাকার ৭০ থেকে ৮০টি পয়েন্টে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেবে। আগামীকালের হরতাল ১৯৭১, ৭৫ ও ২১ আগস্ট ঘাতকদের সঙ্গে একসূত্রে গাঁথা। এই হরতাল যুদ্ধাপরাধীদের রক্ষার হরতাল। যতই ষড়যন্ত্র করা হোক আল বদর, আল শামস ও রাজাকারদের রক্ষা করা যাবে না।
আজকের হরতাল প্রসঙ্গে মায়া বলেন, জামায়াতের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। ট্রেন চলছে, লঞ্চ চলছে, গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে। মানুষ নির্বিঘ্নে চলাফেলা করছে।
