আসন্ন ঈদুল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে পোশাক শ্রমিকদের বোনাস ২৮ সেপ্টেম্বর ও চলতি মাসের বেতন ২ অক্টোবরের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক রবিবার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। এদিকে বেতন-ভাতার দাবিতে আখিক গার্মেন্টের শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ অক্টোবর পবিত্র ঈদুল আযহা পালিত হবে ও ৪ অক্টোবর হিন্দু সমপ্রদায়ের বিজয়া দশমী।
এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এবার ঈদ ও পূজা একসঙ্গে হওয়াতে আমরা এবার বেশি সচেতন। পোশাক কারখানা মালিকদের ২৮ সেপ্টেম্বরের মধ্যে উত্সব ভাতা ও চলতি মাসের বেতন ২ অক্টোবরের মধ্যে পরিশোধের অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। সুবিধামতো সময়ে বোনাস ও বেতন দেয়া শুরু করতে পারবেন মালিকরা তবে শেষ করতে হবে নির্ধারিত সময়ে।
মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিবহনের ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে, পুলিশের সহযোগিতা নিতে আমরা মালিকদের অনুরোধ করেছি। যাতে শ্রমিকদের বেতন-ভাতা যাতে কোনভাবে মিসিং না হয়। আর সব পোশাক কারখানা একসঙ্গে ছুটি না দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছুটি দেয়ার অনুরোধ করা হয়েছে। এতে ভিড় হবে না, শ্রমিকদের বাড়ি ফিরতে সুবিধা হবে।
তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের ঈদের আগে বেতন-ভাতা পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত দায়িত্ব নিয়ে এ বিষয়ে আমাদের চেষ্টা চলমান আছে। আশা করি শ্রমিকরা ঈদের আগে তাদের পাওয়া পাবেন। আলোচনা করছি কিছু একটা করতে পারবো।
সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশেনের (বিটিএমএ) নেতৃবৃন্দ, পোশাক শিল্পকারখানার শ্রমিক নেতা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
