দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়করাজ রাজ্জাক তার অভিনয় জীবনের চার যুগ অতিক্রম করছেন। আমাদের চলচ্চিত্রে নায়করাজের বিশেষ অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে চ্যানেল আই পরিবার দর্শকের সামনে হাজির করতে যাচ্ছেন তাকে। একেবারেই ভিন্নঘরানার মধ্যদিয়ে বাচসাস সভাপতি আবদুর রহমানের পরিকল্পনা, গ্রন্থনা এবং পরিচালনায় ‘নায়করাজের চার যুগ’ অনুষ্ঠানের মাধ্যমে চারযুগের কথা স্মৃতি চারণ করবেন নায়করাজ রাজ্জাক।
প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমীর উপস্থাপনার মধ্যদিয়ে নায়করাজ রাজ্জাক স্মৃতিচারণ করবেন তার ফেলে আসা দিনের কথা। গল্পে গল্পে ‘নায়করাজের চার যুগ’ অনুষ্ঠানে উঠে আসবে চলচ্চিত্রে আসার আগের জীবনের গল্প, চলচ্চিত্রে নায়ক হয়ে উঠার গল্প, জহির রায়হানের সঙ্গে তার পরিচয় থেকে ‘বেহুলা’র গল্প, তার নায়ক জীবনের সেরা চার নায়িকা শবনম, কবরী, শাবানা ও ববিতার গল্প, অভিনয় জীবনে স¿ী লক্ষীর অবদান, দু্ই নায়ক ছেলে বাপ্পারাজ ও সম্রাটের গল্প, বিভিন্ন মজার স্মৃতি, প্রেমমময় জীবনের গল্প, তার জীবনে সহকর্মী এবং সাংবাদিকদের ভূমিকাসহ (বিশেষত প্রয়াত বরেণ্য সাংবাদিক আহ্মদ জামান চৌধুরীর নায়করাজ উপাধিতে সম্মানিত করার কথা) আরও নানান বিষয়ে নায়করাজ কথা বলেছেন মৌসুমীর সঙ্গে আলাপচারিতায়। বিশেষ এই অনুষ্ঠানটিতে অংশগ্রহন প্রসঙ্গে নায়ক রাজ রাজ্জাক বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অনষ্ঠানটির নির্দেশক আবদুর রহমান, উপস্থাপিকা মৌসুমীসহ চ্যানেলআই পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ এমন চমত্কার একটি অনুষ্ঠান নির্মানের জন্য। দীর্ঘদিন পর এতোসব বিষয় নিয়ে কোন অনুষ্ঠানে আমি ব্যক্তি জীবনের না বলা অনেক কথা বলেছি। দর্শকের ভালোলাগবে। ’ অনুষ্ঠানে মৌসুমী নায়ক রাজের সঙ্গে নায়িকা হয়ে একটি ছবিতে অভিনয় করারও আশা রাখেন নায়ক রাজেরই কাছে। মৌসুমী বলেন, ‘যদি আরও আগে আমার জন্ম হতো তবে হয়তো নায়করাজের নায়িকা হবার সুযোগ পেতাম। কিন্তু দুর্ভাগ্য যে অনেক পরে জন্মেছি। কিন্তু তারপরও আমি আশা ছাড়িনি, হয়তো কোন এক চলচ্চিত্রে আমি তার নায়িকা হয়ে অভিনয় করবো। চ্যানেল আই পরিবারের প্রতি কৃতজ্ঞ এমন মহান একজন মানুষের মুখোমুখি হয়ে সঞ্চালনার সুযোগ সৃস্টি করে দেবার জন্য। আমি সত্যিই অভিভূত।’ ‘নায়করাজের চার যুগ’ অনুষ্ঠানটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে বলে জানান নির্দেশক আবদুর রহমান। নায়করাজ রাজ্জাক সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেন। সর্বশেষ তিনি বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’-এ অভিনয় করেন। তবে খুব সহসাই নতুন একটি ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে। এদিকে মৌসুমী আগামীকাল মঙ্গলবার থেকে বান্দরবানে একসঙ্গে তিন ছবির কাজ শুরু করছেন। ছবি তিনটি হচ্ছে ‘শূণ্য হৃদয়’, (নিজের নির্দেশিত), বেলাল আহমেদের অসমাপ্ত ছবি ‘ভালোবাসবেইতো’ এবং মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’। তিনটি ছবিতেই তার বিপরতে আছেন চিত্রনায়ক ফেরদৌস।
