ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি উপ-নির্বাচন চলাকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের উপ-নির্বাচন চলাকালে রবিবার দুপুর আড়াইটার দিকে পেটুয়াজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাটিরপাড়ার চেয়ারম্যান প্রার্থী হামদু মিয়া ও পেটুয়াজুড়ি গ্রামের চেয়ারম্যান প্রার্থী শাহআলম সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমান রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে সাটিরপাড়ার বাবুল মিয়াসহ (৩২) বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। বাবুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার নিহত হওয়ার খবরে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সংঘর্ষের খবর পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
