যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কেন্দ্রীয় তথ্যভাণ্ডার থেকে মামলার নথি গায়েবের খবর মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু।
একটি জাতীয় দৈনিকে ‘মামলার নথি গায়েব’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধান কৌঁসুলি এই দাবি করে বলেন, রাষ্ট্রপক্ষের কেন্দ্রীয় তথ্যভাণ্ডার বলে কিছু নেই। মামলা পরিচালনাকারী কৌঁসুলিরা তাঁদের নিজ নিজ কম্পিউটারে সংশ্লিষ্ট মামলার নথি রাখেন। এ ছাড়া ওই পত্রিকার প্রতিবেদনে রাষ্ট্রপক্ষের দুই কৌঁসুলির নামে যে বক্তব্য ছাপা হয়েছে তাও সঠিক নয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে চার অভিযুক্তের মামলার নথি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার থেকে খোয়া গেছে। ফলে জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামী, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী, পলাতক আশরাফুজ্জামান ও চৌধুরী মাইনউদ্দিনের মামলার ফাইল পাওয়া যাচ্ছে না। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার (কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার) থেকেই এসব মামলার নথি মুছে ফেলা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় রাষ্ট্রপক্ষ থেকে থানায় কোনো জিডিও হয়নি।
এ প্রতিবেদনের প্রতিবাদে গোলাম আরিফ টিপুর পুরাতন হাইকোর্টের নিজ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলা হয়, রাষ্ট্রপক্ষ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা সে সিদ্ধান্তও নেবে। চিফ প্রসিকিউটরের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত। এতে বলা হয়, মামলার ফাইল প্রসিকিউশনের কম্পিউটারে যথারীতি সংরক্ষিত রয়েছে। এসব বিষয়ে থানায় জিডি করার তো কোন প্রশ্নই আসে না।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, মোখলেসুর রহমান বাদল, রেজিয়া সুলতানা, হূষিকেশ সাহা, আব্দুর রহমান হাওলাদার প্রমুখ।
