জামায়াতে ইসলামীকে দমনে কঠিন অবস্থান নেয়ার বিষয়ে ঢাকাকে আশ্বস্ত করেছে নয়াদিল্লি। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এ বিষয়ে দুঃচিন্তা না করার জন্য বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রবিবার আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে দেয়া এক খবরে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসা মৌলবাদী দুষ্কৃতীরা যাতে আশ্রয়-প্রশ্রয় না-পায়, সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেবে নয়াদিল্লি। এ ব্যাপারে ঢাকার উদ্বেগের কোনও কারণ নেই। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলিকে আজ এই মর্মে প্রতিশ্রুতি দিল নয়দিল্লি।’’
খবরে আরও বলা হয়েছে, ‘‘মাহমুদ আলি বলেছেন, দু’দেশের নিরাপত্তার পক্ষেই এই বিষয়টি বিপজ্জনক। কূটনৈতিক সূত্রের খবর, এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হাতে কিছু তথ্যও তুলে দিয়েছেন ঢাকার প্রতিনিধিরা।’’
গতকাল শনিবার ও রবিবার ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে।
