রাজধানীর মগবাজারে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃত ব্যক্তিরা হলো আল আমিন (২৫), মো. সাইফুল্লাহ সিয়াম (২৪), মো. রমজান আলী (২০), মো. রুবেল মিয়া ওরফে সানি (২৫), মো. মারুফ হোসেন (২৬) ও মো. শাফিন লস্কর (২৫)।
শনিবার আল আমিনকে মুন্সীগঞ্জ থেকে ও তার দেওয়া তথ্যমতে অন্যদের রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি-সংলগ্ন দুটি বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মিজানুর রহমান ঢাকার সিএমএম আদালতে আসামিদের ১০ দিন রিমান্ড চান
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম হত্যা মামলায় চার আসামিকে ৩ দিন করে এবং অস্ত্র মামলায় সকল আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ আগস্ট রাতে মগবাজারের ওয়্যারলেস সোনালীবাগের চাঁন বেকারির গলিতে ৭৮নং বাসায় ঢুকে গুলি করে মুন্না (১৮), তার বড়বোন রানু আক্তার (২৩) ও বিল্লালকে (২২) হত্যা করা হয়। ঘটনাস্থেলে গুলিবিদ্ধ হন হূদয় (২২)।
জানা গেছে, রাজধানীর মগবাজার এলাকায় গ্রেপ্তারকৃতরা আরো পাঁচজনকে হত্যার পরিকল্পনা করেছিল। টার্গেট ব্যক্তিদের মধ্যে ট্রিপল মার্ডার মামলার বাদী কালাচান, মোশাররফ হোসেন ও শোভন ছিলেন। অন্য দুজনের নাম জানা যায়নি।
