জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আদালতের রায় পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি এবং গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলায় জড়িতদের ফের বিচারের দাবি জানিয়েছে মঞ্চের ইমরান এইচ সরকার অংশ। একইসাথে যুদ্ধাপরাধের বিচারকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল এবং রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে তারা অভিযোগ করেছেন।
রবিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন অংশ এ দাবি ও অভিযোগ জানান। সাঈদীর আমৃত্যু কারাদ-ের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে উদীচির শিল্পীরাসহ মঞ্চের কর্মী-সংগঠকরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জনগণ ও তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সরকার কোনোভাবেই যেন এ বিচারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।
এদিকে সাঈদীর র্সবোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আগামীকাল শাহবাগে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল চারটায় সমাবেশসহ চলতি সপ্তাহে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কমর্সূচি ঘোষণা করেছে মঞ্চ।
