বিচারপতিদের সরানোর ক্ষমতা সংসদের হাতে নিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে সোমবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার দুপুরে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড়ের অভিযোগ করেন। সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, “সরকারকে বলব, আমাদের শান্তিপূর্ণ হরতালে কোনো বাধা দেবেন না।“ তিনি বলেন, “হরতালে নৈরাজ্য সৃষ্টি করা হলে এর জন্য আগামীতে শেখ হাসিনাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।” কর্মসূচি ব্যাখ্যা করে শাহজাহান বলেন, “এই ইস্যুতে হরতাল করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বিচার বিভাগের স্বাধীনতা ও দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য।”
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই বিএনপির প্রথম হরতাল।
