পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখায় প্রতিমন্ত্রীর নির্দেশেই রাজশাহীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রোববার বিকালে দুই প্রধান শিক্ষককে নোটিশ দেয়া হয়েছে বলে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানিয়েছেন।দুই শিক্ষক হলেন- উপজেলার হাবিবপুর আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহফুজুল হক ও নন্দনগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজজ্জামান। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জনপ্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করে সরকার।
আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় সে সময়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, শনিবার দুপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বিষয়টি প্রশাসনকে জানানো হয়নি। “এভাবে বাচ্চাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা এখন বেআইনি। বিষয়টি প্রতিমন্ত্রী আমাকে জানিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। রোববার ওই দুই শিক্ষককে শোকজ করে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নন্দগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, “প্রতিমন্ত্রী এসেই বলেছিলেন, আপনারা বাচ্চাদের দাঁড় করিয়ে রাখেন কেন, এতে আমরা বিব্রত হই। এর বেশি আর কিছু বলেননি।” মাদ্রাসা শিক্ষক মাহফুজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।