বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা এড়াতে পুলিশ রবিবার রাতভোর অভিযান চালিয়ে সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা থেকে ৬ জন, কালিগঞ্জ থেকে ৪ জন, তালা থেকে ১ জন, দেবহাটা থেকে ২ জন এবং শ্যামনগর থেকে ৩ জন। আটককৃতদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এদিকে, সাতক্ষীরায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের জেলার কোথাও কোন মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি।
হরতালে সাতক্ষীরা থেকে দূর পাল্ল¬ার কোন পরিবহন ছেড়ে যায়নি। পরিবহন বন্ধ থাকার কারণে দূরপাল্লার যাত্রীদের পেহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তারা নছিমন, করিমন ও ইঞ্জিনভ্যানে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে জেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে শহরের অধিকাংশ দোকানপাট ও অফিস আদালত খুলতে শুরু করে। অন্যদিকে, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমাদানি-রফতানি কার্যক্রম রয়েছে স্বাভাবিক। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল জোরদার রয়েছে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জেলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে হরতালে সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে।
