গতকাল রবিবার সকালে এক টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের দুটি গ্রাম। উড়ে গেছে কমপক্ষে ৫০টি বসতবাড়ি। ঘরহারা হয়ে পড়েছে ২ শতাধিক মানুস। তরমুছপাড়া ও বালিঝুড়ি গ্রামে এ টর্নেডো আঘাত হানে। মুহূর্তে ক্ষতি হয় প্রায় আড়াই কোটি টাকার সম্পদ। ঘর ও গাছে চাপা পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়। এদিকে গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল রবিবার দুপুরে টর্নেডোতে রাওনা ইউনিয়নের চংবিরই, ধোপাঘাট, পাঁচুয়া ও বানেআলা গ্রামের অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। গাছ পড়ে গ্রামের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। কয়েকশ’ লোক বাড়িহারা হয়েছে।
