দুর্গাপূজা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার লম্বা একটা ছুটির সুযোগ পাওয়া যাচ্ছে। ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত এ ছুটির সৃষ্টি হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ৪ অক্টোবর শনিবার সরকারি ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ৬ অক্টোবর সোমবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে তিন দিনের সরকারি ছুটি শুরু হবে রবিবার। ঈদের পর ওই সপ্তাহের দুইটি কর্মদিবস হবে বুধ ও বৃহস্পতিবার।
ঈদের আগে শুধু ৩ অক্টোবর শুক্রবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে ধরা যেতে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনব্যাপী দুইটি উৎসবের ছুটি। বুধবার ও বৃহস্পতিবার দু’টি কর্মদিবস থাকলেও অতীতের অভিজ্ঞতায় বলা যায়, এ দু’দিন অফিস-আদালত জমবে না। লোকজন হাজিরা দিয়েই যে যার মত বাড়ি চলে যাবে।
এ ছাড়া অনেকে ঈদ-পূজার সঙ্গে মিলিয়ে ঈদ পরবর্তী বুধবার ও বৃহস্পতিবারের ছুটি নিয়ে নেবেন। এরপরই এসে যাবে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে তাদের জন্য ১১ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৯দিন ছুটির সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরেও ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত নয়দিন ছুটির ফাঁদ তৈরি হয়েছিল।
