পুলিশকে লক্ষ্য করে ককটেল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৫৭

রাজধানীতে পুলিশের দিকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা। পরে পুলিশের শটগানের গুলিতে একজন আহত হয়।  
সোমবার বেলা ১১টার দিকে মাদারটেক বাজারের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. হানিফ ওরফে জনিকে (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, জনির বাঁ পায়ে ছররা গুলি লেগেছে।
জানা গেছে, হরতাল সমার্থকরা বাজারের সামনে মিছিল করলে যানজটের সৃষ্টি হয়। এ কারণে ‘সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে’ হরতালকারীদের অনুরোধ করে পুলিশ।
এক পর্যায়ে হরতাল সমর্থকরা পুলিশের দিকে তিনটি ককটেল ছোড়ে। পরিস্থিতি সামলাতে পুলিশ শট শানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।