ঝিনাইদহে ডাকাতি, আহত ৪

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৩১
 
ঝিনাইদহ শহরে ডাকাতির ঘটনায় চারজন আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকাসহ ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে। সোমাবার ভোররাতে শহরের হামদহ কাঞ্চনপুর মধ্যপাড়ার গোপাল মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোপাল মাস্টার, তার স্ত্রী লক্ষ্মীরানী, ছেলে মিলন ও গোবিন্দ। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীরানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। 
হাসপাতালে গৃহকর্তা গোপাল মাস্টার জানান, ভোরের দিকে বাড়ির কসিবল গেইট ভেঙ্গে সাত থেকে আটকজনের একদল ডাকাত ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেসময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। তাদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় ডাকাতরা নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।