সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করছে তুরস্ক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪৪
 
 
সিরিয়ার সঙ্গে কিছু সীমান্ত এলাকা বন্ধ করতে শুরু করেছে তুরস্ক। গত দুই দিন ধরে প্রায় এক লাখ ৩০ হাজার সিরীয় কুর্দি  শরণার্থী তুরস্কে আশ্রয় নেয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রবিবার কুর্দি শরণার্থীদের প্রতি সংহতি জানানো একদল বিক্ষোভকারীদের সঙ্গে তুর্কি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু বিােভকারী ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের জন্য সিরিয়া পাড়ি জমানোর চেষ্টা করে। 
তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থীদের বেশিরভাগই কোবানে শহরের।
সম্প্রতি ইরাক ও সিরিয়ার বেশি কিছু অঞ্চল দখলে নিয়ে রাজত্ব প্রতিষ্ঠা করে চলেছে আইএস।
সর্বশেষ সংঘাতের আগেই প্রায় ১০ লাখ সিরিয়ান শরণার্থী তুরস্কে আশ্রয় নেয়। সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই শরণার্থীরা তুরস্কে পালাতে শুরু করে।