অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, হরতালের মাধ্যমে বিএনপি জোট দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। সোমবার সিলেটে পৃথক দুটি অনুষ্ঠানে বক্তৃতা কালে তিনি এ সব কথা বলেন। তিনি সকালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন এবং দুপুরে সিলেট সদর উপজেলায় সাবির্ক গ্রাম উন্নয়ন কর্মসূচি আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশের মানুষ এখন আর হরতাল চায় না জণগনই এখন স্বতঃস্ফূর্তভাবে হরতাল প্রতিরোধ করছে।
অর্থমন্ত্রী বলেন, বিএনপি জোট আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা আবারো হরতালের নামে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইছে এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সচিব ড. আব্দুল মুবিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
