এডিবি’র সাথে ডিএসই’র বৈঠক

পুঁজিবাজার উন্নয়ন: তৃতীয় পর্বের কাজ এপ্রিল থেকে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৪
 
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্বের কাজ শেষের দিকে রয়েছে। আর তৃতীয় পর্বের কাজ আগামী এপ্রিল থেকে শুরু হবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে এসব কথা বলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিবি’র নির্বাহী পরিচালক মালিয়ামি বিন হামাদ, উমেশ কুমার, মুহাম্মদ সামি সাঈদ, কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ওলেগ টোনকোনোজেনকোভ, বাংলাদেশ মিশনের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ জাহিদ হোসেইন, ডিএসই’র পরিচালক শাকিল রিজভী, বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট সেলিমা আহমদ এবং এসিআই এর চেয়ারম্যান আনিস-উদ-দৌলাসহ আরও অনেকে। অনুষ্ঠানে এডিবি’র পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নতমানের পুঁজিবাজারে পরিণত করার জন্য নতুন প্রোডাক্ট, কমোডিটি এক্সচেঞ্জ, ডেরিভেটিবস মার্কেট সবই যেন পরিকল্পনা অনুযায়ী গঠিত হয়।
পুঁজিবাজারের উন্নয়নে এডিবির অর্থায়নে যে সব প্রকল্প আগামীতে বাস্তবায়িত হবে সেখানে নিয়ন্ত্রক সংস্থার সাথে ডিএসই যেন স্বক্রিয় অংশীদার হিসেবে কাজ করে।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালখ স্বপন কুমার বালা বলেন, ডিএসই ডিমিউচ্যুয়ালাইজড (ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক) হওয়ায় এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা। এছাড়া বাজারে অংশগ্রহণকারীদের সক্ষমতার সমস্যা, বিনিয়োগকারীদের সচেতনতার ঘাটতি, গুণগত মানের দিক থেকে ভালো আইপিও’র (প্রাথমিক গণ প্রস্তাব) মাধ্যমে অর্থ উত্তোলন করে শিল্পোন্নয়নের গতিকে ত্বরান্বিত করা পুঁজিবাজারের জন্য চ্যালেঞ্জ।