ঈদ ও পূজা ছুটির কারণে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো একমাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। স্বাভাবিক নিয়মে চলতি কর বর্ষের রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হওয়ার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। ইতিমধ্যে রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ে সময়সীমা বাড়ানোর জন্য সুপারিশ পাঠানো হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সামপ্রতিক বছরগুলোতে প্রতিবারই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে এ সময়সীমা ধাপে ধাপে তিন মাসও বাড়ানো হয়েছে। এছাড়া যে কোন করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে উপ-কর কমিশনার তিন মাস পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াতে পারেন। অনেক করদাতাই এই উপায়ে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে থাকেন।
