ঝিনাইদহের কালীগঞ্জে ফারুক হোসেন নামে এক বিকাশ এজেন্টের কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার ছালাভরা এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর তাত্ক্ষণিক অভিযান চালিয়ে সুন্দরপুর গ্রাম থেকে তোতা নামে একজনকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৭ হাজার টাকা ও ব্যাগ উদ্ধার করেছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিকাশ এজেন্ট ফারুক হোসেন কালীগঞ্জ উপজেলা থেকে বিকাশের টাকা আদায় করে মোটরসাইকেল যোগে ঝিনাইদহে ফিরছিলেন। দুপুর ১ টার দিকে আগে থেকে ওত্ পেতে থাকা তিন দুর্বৃত্ত তার গতি রোধ করে। ছুরি মেরে আহত করে টাকার ব্যাগ ছিনতা্ই করে পালিয়ে যায়। তিনি রাস্তায় হরতাল ডিউটিরত পুলিশকে জানান। পুলিশ তাত্ক্ষণিক অভিযান শুরু করে। সুন্দরপুর গ্রাম থেকে টাকার ব্যাগ ও ৩৭ হাজার টাকাসহ তোতাকে গ্রেফতার করে। অন্য দুর্বৃত্ত বাকি টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের পরিচয় জানা গেছে। গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি আরো জানান।
