রাজধানীর ফকিরাপুলে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডে ১ জন নিহত ও ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার রাত ১২ টার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের ৬৫/২/১, প্যারামাউন্ট হাইট ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঐ ভবনে এবাদত ফকির (৪০) নামে একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্যারামাউন্ট হাইট ভবনের বেজমেন্টের বিদ্যুতের সাব-স্টেশনের ডার্ক লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। নীচতলা থেকে ১৬ তলা পর্যন্ত এই লাইনের বিভিন্নস্থানে আগুন ধরে ধোয়ার কুন্ডলী বের হতে থাকে।
আগুনের খবরে ঐ ভবনের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে বের হতে থাকেন। অনেকেই ভবনের ছাদে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস স্ন্যোরিক্যাল ও টেবিল টার্ণ লেডার দিয়ে বিভিন্ন তলায় পানি দিয়ে আগুন নেভাতে শুরু করে। এসব যন্ত্রপাতি দিয়ে ফায়ার সার্ভিস ভবনের ভিতর আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করে। ঐ ভবনের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, ভবনে অগ্নিনির্বাপনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল না। ভবনের বেজমেন্টে অতিরিক্ত পানি সংরক্ষিত ছিল না। ফায়ার সার্ভিস এসে প্রথম দফায় আগুন নেভাতে গিয়ে তাদের পানি ফুরিয়ে যায়। ফলে পাশের একটি অ্যাপার্টমেন্ট থেকে সংরক্ষিত পানি নির্বাপণে ব্যবহার করেছে।
রাত ১ টার দিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ১২ তলায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া নিরাপত্তা কর্মী এবাদতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত ৩ টায় তিনি মারা যান। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ফায়ার সেতাব আলী (৩৫) অগ্নিদগ্ধ হন। এছাড়া ভবনের বেজমেন্টে আগুনে সময় সেখানে অবস্থান করা ইউনুস (৪০), আবুল (৩৮), মহসীন (৪০), কাজল (৩৫) অগ্নিদগ্ধ হন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
