গৃহায়ণের সাবেক চেয়ারম্যান গোলাম নবীকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৪
 
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়া মামলার তদন্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গোলাম নবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পযন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।
একই অভিযোগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক উপসচিব এফ এম এ মোনায়েম, সাবেক যুগ্ম-সচিব বিজন কান্তি সরকার, সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তারা এখনও হাজির হননি।
দুদক সূত্রে জানা গেছে, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়। ওই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।