বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসতের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধানের ১৬তম সংশোধনীর প্রতিবাদে সোমবার সারাদেশে আদালত বর্জনের কর্মসূচি পালিত হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার এ কর্মসূচি পালন করে।
প্রসঙ্গত শনিবার দেশের বিভিন্ন জেলা বারের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে বার কাউন্সিল আদালত বর্জনসহ কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি সমর্থিত আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জড়ো হয়। এরপর প্রধান ফটক বাদে সমিতি ভবনের তিনটি গেটে তারা তালা ঝুলিয়ে দেয়। তালা ঝুলানোর পর আইনজীবীরা আদালত বর্জনের পক্ষে এবং সংশোধনী বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ভবন প্রদক্ষিণ শেষে সমিতি প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় বক্তব্য রাখেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, সহ-সভাপতি ড.রফিকুল ইসলাম মেহেদী, সহ-সম্পাদক একেএম রেজাউল করিম খন্দকার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ প্রমুখ।
সমাবেশে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা ধ্বংস করতে সরকার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। কারন স্বাধীন বিচার ব্যবস্থা না থাকলে গণতন্ত্রও ধ্বংস হবে। তিনি বলেন, এই সংশোধনের মধ্যদিয়ে বিচার বিভাগের ওপর সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেল।
এদিকে ঢাকার মহানগর দায়রা জজ, জেলা জজ, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারকরা এজলাসে বসলেও আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। শুনানির জন্য সময় চাওয়া হলে তা মঞ্জুরের হারই এদিন বেশি ছিল বলে জানা গেছে। বেলা ১২টার দিকে হরতাল ও আদালত বর্জনের পক্ষে বিক্ষোভ মিছিল করে সরকার বিরোধী আইনজীবীরা। অপরদিকে সরকার সমর্থক আইনজীবীরা সংশোধনীর পক্ষে মিছিল বের করে।
