পদ্মাসেতু দুর্নীতি মামলা

আসামিদের দায়মুক্তির শুনানি ২৬ অক্টোবর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ২০:৩৭






পদ্মাসেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতির জন্য দুদকের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) ওপর আগামী ২৬ অক্টোবর শুনানির দিন ‍ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই তারিখ ধার্য করেন। এদিনই প্রতিবেদনটি ঢাকা সিএমএম আদালত থেকে সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ঢাকা সিএমএম আদালতে ওই প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্ত কমকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।
প্রতিবেদনে, এজাহারভূক্ত আসামি সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের তিন কর্মকর্তা সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল ও আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ, সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্য সচিব কাজী ফেরদৌস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের ও এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক মো. মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমান হয়নি মর্মে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে।
এছাড়া বিগত মহাজোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পদ্মাসেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেন ষড়যন্ত্রের অভিযোগে ২০১২ সালের ১৭ ডিসেম্বর সাত জনের বিরুদ্ধে মামলা করে দুদক।