অতিরিক্ত ফেসবুক ব্যবহারে সাইবার অপরাধীদের খপ্পড়ে পড়ার শঙ্কা বেশি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪২
 
 
অন্যদের তুলনায় যারা সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুক একটু বেশিই ব্যবহার করেন, তাদের জন্য দুঃসংবাদ। গবেষকরা জানিয়েছেন, ফেসবুকে বেশি সক্রিয় এসব মানুষজনই সাইবার অপরাধীদের খপ্পড়ে বেশি পড়ার সম্ভাবনা রাখেন।
গবেষণায় বলা হয়, যারা ফেসবুকে অতিরিক্ত পরিমাণে সক্রিয়, তারা যেকোনো ধরনের পোস্টেই ‘লাইক’ ও ‘কমেন্ট’ প্রদান করে থাকে। এটা করতে গিয়ে তারা এমন অনেকের পোস্টেই ‘লাইক’ বা ‘কমেন্ট’ প্রদান করে ফেলেন যাদের সাথে ফেসবুক ব্যবহারকারীর ফেসবুকেও পরিচয় বেশিদিনের নয়। এই ধরনের প্রবণতাকে মাথায় রেখেই নিজেদের সাইবার অপরাধের পরিকল্পনা সাজায় সাইবার অপরাধীরা। স্ক্যামিং বা ফিশিংয়ের শিকার হওয়ার জন্য এমন ফেসবুক ব্যবহারকারীরাই আদর্শ।
জার্নাল অব কম্পিউটার-মিডিয়েটেড কমিউনিকেশন স্টাডিতে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যে গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনের সহযোগী অধ্যাপক ড. অরুণ বিশ্বনাথ। তিনি জানান, যারা একটু বেশি সময় ফেসবুকে ব্যয় করতে গিয়ে অসচেতন হয়ে পড়েন, তারা সাইবার অপরাধীদের পছন্দের টার্গেটে পরিণত হন। যাদের ফেসবুক প্রোফাইলে অনেক বন্ধু রয়েছে, তাদের সাথে সাইবার অপরাধীরা সহজেই বন্ধু হয়ে যায় এবং এরপর ওই প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের তথ্য হাতিয়ে নেওয়ার কাজটি সার্থকতার সাথে করে থাকে।

সাইবার অপরাধীদের এড়াতে তাই অতিরিক্ত সময় ধরে ফেসবুকে না থাকার পরামর্শই দিয়েছেন তিনি। আর বেশি সময় ধরে ফেসবুক ব্যবহার করলেও সেক্ষেত্রে অপরিচিত বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী বা লিংকে নিজের সক্রিয়তা না দেখানোটাই ভালো বলেও মতামত তার।