চীনে মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স ওয়ান বিক্রি শুরুর মাত্র দুই দিন আগে বিক্রির তারিখ পিছিয়েছে প্রতিষ্ঠানটি। আগামীকাল ২৩ সেপ্টেম্বর থেকে এটি চীনে বিক্রির কথা জানিয়েছিল মাইক্রোসফট। তবে গতকাল প্রতিষ্ঠানটি এক বার্তায় জানিয়েছে, তারা কাল থেকে চীনে এক্সবক্স ওয়ানের বিক্রি শুরু করতে পারছে না। ঠিক কী কারণে শেষ মুহূর্তে এসে মাইক্রোসফটে তারিখ পেছাতে হলো, তা অবশ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে গেমিং বিষয়ক ওয়েবসাইট সিভিজিকে পাঠানো এক বার্তায় মাইক্রোসফট বলেছে, ‘সবকিছু ঠিকঠাকমতো এগুলেও চীনে আমাদের ভক্তদের জন্য সর্বোচ্চ সুবিধা ও অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের আরও কিছু সময় দরকার। যারা ২৩ সেপ্টেম্বর থেকে এক্সবক্স ওয়ান হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষ করে রয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’
অবশ্য ২৩ তারিখেই গেম কনসোলটি হাতে পাওয়ার জন্য যারা প্রি-অর্ডার করে রেখেছিলেন, তাদের জন্য সুখবরও রয়েছে। চীনে মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার এনওয়েই জিয়ে জানিয়েছেন, প্রি-অর্ডার করা এসব গ্রাহকদের জন্য থাকবে ‘বাড়তি বোনাস’। তবে কবে নাগাদ মাইক্রোসফট চীনের গেমারদের হাতে এই কনসোলটি তুলে দিতে পারবে, তা অবশ্য জানানো হয়নি।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে শুরু করে ১৪ বছর পর্যন্ত চীনে বিদেশি কোনো প্রতিষ্ঠানের গেম কনসোল বিক্রি নিষিদ্ধ ছিল। ফলে মাইক্রোসফটের এক্সবক্স, সনির প্লেস্টেশন বা নিনটেনডোর গেম কনসোলগুলো চীনের বাজারে বিক্রি হয়নি এতদিন। চলতি বছরের জানুয়ারি মাসে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর এক্সবক্স ওয়ান বিক্রি শুরু হলে এটিই হতো চীনের বাজারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথম বিক্রিত কোনো বিদেশি গেম কনসোল।
