ছুরিকাঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের কর্মচারী নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৬
 
ঢাকার সাভারের পিএটিসি মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম রাশেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাশেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার অপারেটর ছিলেন।
সোমবার সকালে পুলিশ মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
নিহতের বাবা নুরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কয়েকজন বন্ধুর সাথে সাভার ক্যান্টনমেন্ট এলাকায় অসুস্থ এক বন্ধুকে দেখতে যায় রাশেদ। সেখান থেকে ফেরার পথে সাভার পিএটিসির মোড়ে কয়েকজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাশেদ গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে সাভারের এনাম হাসপাতাল এবং পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন সোমবার সকালে তার মৃত্যু হয়। নিহত শহিদুল ইসলাম রাশেদ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, ছিনতাই ও হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।