ব্যাংকে সৎ, যোগ্য ও পেশাজীবীদের নিয়োগ দিন : গভর্নর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ২৩:১৮

সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) ২০১৩-১৪ অর্থবছরের প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তার বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাজীবীদের নিয়োগ দেওয়ার এবং অযোগ্য পরিচালকদের সরানোর পক্ষে পরামর্শ দেন।

আতিউর রহমান বলেন, “ব্যাংকিং খাত অত্যন্ত স্পর্শকাতর। এখানে গ্রাহকের আস্থা সবচেয়ে বড় বিষয়। আমরা ব্যাংকিং খাতকে ধীরে ধীরে শক্তিশালী করার চেষ্টা করছি। গতকয়েক বছরে কমপক্ষে ২০টি সংষ্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যেও দু’একটি দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি।” গভর্নর বেসরকারি ব্যাংকগুলোর সেবার মান বাড়ানোরও পরামর্শ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, উপকারভোগী কয়েকজন গ্রাহকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।