গতকাল সোমবার পঞ্চগড়ের বোদা উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহল শালবাড়ী, কাজলদীঘি, বেহুলাডাঙ্গা, নাটকটকায় (এসকেবিএন) পঞ্চম ‘নাগরিক কমিটি’ নির্বাচন হয়েছে। এর আগের নির্বাচনগুলোতে ছিটমহলের নারীরা ভোট দিতে পারেনি। যে কারনে এটি তাদের প্রথম ভোট। আর প্রথমবারের মতো ভোট দিতে পেরে তাঁরা দারুন খুশি।
ছিটমহলে আইনশৃঙ্খলা রক্ষা, বিচার-সালিস ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিনিধি নির্বাচন করতে ইউনিয়ন পরিষদের (ইউপি) আদলে এ নির্বাচন হয়। ২০০৪ সালে সর্বশেষ এ নির্বাচন হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। এ ছাড়া তিনটি ওয়ার্ডে নয়জন সদস্যের বিপরীতে ২২ জন প্রার্থী হয়েছেন। ছিটমহলটিতে লোকসংখ্যা ১০ হাজার। ভোটারসংখ্যা তিন হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই হাজার ৭৬ ও নারী এক হাজার ৮৮৭ জন। এই ছিটমহলে একজন চেয়ারম্যান ও নয়জন সদস্য এসকেবিএন নাগরিক কমিটি নামে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে ছিটমহল পরিচালনা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান প্রধান। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক, আনসার ভিডিপির সদস্যরাসহ ৫৫ জনের একটি দল ভোট পরিচালনায় সহযোগিতা করে। তাঁরা নিরাপত্তাসহ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
