রংপুরের তারাগঞ্জ উপজেলার হাটবাজারগুলোতে দুই সপ্তাহ আগেও প্রতি মণ পাট ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ করে দাম কমে এখন প্রতি মণ পাট ৮০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ পাটের এমন দরপতনে উপজেলার চাষিরা বিপাকে পড়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর দাম ভালো পাওয়ায় চাষিরা ব্যাপক আগ্রহ নিয়ে এবার পাট চাষ করেছিলেন। কিন্তু এবার বিছাপোকার আক্রমণে পাটের ক্ষতির পাশাপাশি বৃষ্টির অভাবে কৃষকেরা ভালোভাবে পাট জাগ দিতে পারেননি। এতে পাটের মান ভালো হয়নি। এখন এসব পাটের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন।
একজন পাটচাষী জানান, ২০ হাজার টাকা খরচ করে প্রায় দুই একর জমিতে তিনি পাট পেয়েছেন ৩০ মণ। কিন্তু পাটের দাম কম হওয়ায় প্রায় ৫ হাজার টাকা লোকসান হয়েছে। তাঁর মতো অনেকেই এবার পাট চাষ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকে বলছেন এবার পানির কারণে তাঁদের বেশি সমস্যা হয়েছে। এ ছাড়া পাটের দামও কম। এতে পাট চাষ করে তাঁদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
