সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও হামলায় অংশ নিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। তবে হামলায় যোগ দেয়া অন্য কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি।
সোমবার এক বিবৃতিতে পেন্টাগনের প্রেস সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, মার্কিন সেনাবাহিনী ও মিত্র দেশের বাহিনীগুলো সিরিয়ার ভিতরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিচ্ছে এটা নিশ্চিত। জঙ্গি ও বোমারু বিমান থেকে হামলা চালানোর পাশাপশি আইএসের স্থাপনায় টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি পেন্টাগনের ওই কর্মকর্তা। তিনি বলেন, শুধু বলতে পারি, অভিযান চলছে। এ মুহূর্তে এর বেশি তথ্য জানানোর মতো অবস্থায় আমরা নেই। IMG0
সিরিয়ায় আইএস এর বিরোদ্ধে যুদ্ধে কোন কোন দেশ অংশ নিয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে এ ব্যাপার কিছু জানানো হয়নি। তবে এই অভিযানে আরব মিত্ররা সহায়তা করছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসকে নিমূর্লের লক্ষ্যে তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। এর প্রেক্ষিতেই এ হামলা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
