‘ইবোলা’ প্রাদুর্ভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সতর্কবার্তা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৩:০৫
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জোরদার প্রচেষ্টা চালানো না হলে আগামী নভেম্বর নাগাদ এ রোগে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে ২০ হাজারে দাঁড়াবে। প্রতি সপ্তাহে নতুন করে কয়েক হাজার লোক ইবোলায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার এমন সতর্কবার্তা জারি করেছে।
 
এ সংস্থার এক জরিপে বলা হয়, ‘ইবোলা প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেয়া না হলে আগামী মাসগুলোতে ইবোলা রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতি সপ্তাহে কয়েকশ’ থেকে কয়েক হাজার বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।’
 
পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলায় ইতিমধ্যে দুই হাজার ৮শ’র বেশি লোকের প্রাণহানি এবং পাঁচ হাজার ৮শ’ জন আক্রান্ত হয়েছে।
 
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বলা হয়, এক্ষেত্রে জোরদার পদক্ষেপ না নিলে আগামী নভেম্বর নাগাদ গিনিতে পাঁচ হাজার ৯২৫ জন, লাইবেরিয়ায় নয় হাজার ৯৩৯ জন এবং সিয়েরা লিওনে পাঁচ হাজার ৬৩ জন ইবোলায় আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
মঙ্গলবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত জরিপে বলা হয়, এ সময় নাগাদ এ তিন দেশে ইবোলায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।