আগামী অর্থবছরের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও সাধারণ বীমা কর্পোরেশনের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ডিসেম্বরে নতুন পে কমিশনবিষয়ক প্রস্তাবনা জমা পাব। প্রস্তাবনার ভিত্তিতে বলা যাবে চলতি অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা যাবে কিনা। তবে আগামী জুলাই থেকে সেটা অবশ্যই বাস্তবায়ন করা হবে।
আইএমএফ এর কাছ থেকে ইসিএফ ঋণ সুবিধার মেয়াদ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা আমাদের প্রস্তাব দিয়েছেন। তবে আমি এর পক্ষে না।
