হরতাল পরবর্তী গাড়ির চাপ ও প্রবল বর্ষণসহ নানা কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর চারটা থেকে মহাসড়কের কুমিল্লা অংশের নিমসার এলাকা থেকে যানজটের সূত্রপাত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) যানজট ছাড়েনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের বুড়িচং উপজেলাধীন কোরপাই থেকে দাউদকান্দি উপজেলাধী ইলিয়টগঞ্জ পর্যন্ত যানজট চলছিল। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি সেনা নিবাস থেকে পদুয়ারবাজার পর্যন্ত এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের নয়টি টিম কাজ করেছে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ৩৬ ঘণ্টা হরতাল শেষে সোমবার সন্ধ্যা থেকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের তীব্র চাপে মঙ্গলবার ভোরে মহাসড়কের নিমসার কাঁচা বাজার থেকে যানজটের সূত্রপাত ঘটে। ভোর ছয়টায় মহাসড়কের চান্দিনা এলাকায় পণ্যবাহী ট্রাক মহাসড়কের উপর উল্টে গেলে যানজট দীর্ঘ হতে শুরু করে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জন) আসাদুজ্জামান জানান, হরতাল পরবর্তী যানবহনের তীব্র চাপ, প্রবল বর্ষণে গাড়ির গতি কমে যাওয়া, মহাসড়কের চান্দিনা ও মাধাইয়া বাস স্টেশন এলাকাসহ বিভিন্ন এলাকায় বড় গর্ত সৃষ্টি হওয়ায় নিমসার কাঁচা বাজারে যানবাহনের গতিরোধ ও ভোরে সড়ক দুর্ঘটনায় এ যানজট সৃষ্টি হয়েছে।
